জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে মুফতি মিজানুর রহমান সাইদকে সভাপতি, ড. আ ফ ম খালিদ হোসেনকে সিনিয়র সহসভাপতি এবং মুফতি রেজাউল করীম আবরারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিট’-এ নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ওই সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি অনুষ্ঠান থেকে নতুন কমিটির নাম ঘোষণা করেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুফতি শামছুদ্দোহা আশরাফী।
উল্লেখ্য, পুনঃনির্বাচিত সভাপতি মুফতি মিজানুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার সংগঠনের বিদায়ী কমিটিতেও যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ কমিটির তালিকা পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
