বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। দলের নেতাকর্মীদের ভুল-ত্রুটি ও অপরাধ হতে পারে। তবে নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে আয়োজিত দলের রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। আমরা একটি কথা পরিষ্কার বলেছি—অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।’
তিনি বলেন, এর অর্থ এই নয় যে, দলের কেউ অন্যায় করে না। ভুল, দোষ বা অপরাধ হতে পারে। তাই যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের কোনো নেতাকর্মীর অন্যায় চোখে পড়লে তা জানিয়ে দিতে। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, সেসব থেকে সংশোধন হব।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।’
তিনি আরও বলেন, সহনীয় মাত্রার কোনো ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে অপরাধ গুরুতর হলে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় থাকবে না। এ সতর্কবার্তা তার নিজের জন্যও প্রযোজ্য বলেও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের মাধ্যমে জনগণ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছে। তাই জনগণের সেই রায়কে উপেক্ষা না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনে সরকার যথাযথ উদ্যোগ নেয়নি। জুলাই জাদুঘর এখনো চালু না হওয়ায়ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সংবিধানের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে অবৈধ বলা হলে জুলাই গণ-অভ্যুত্থান এবং বর্তমান সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে।
