সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি তরুণ আলেম মাওলানা মুহাম্মাদ নাসরুল্লাহ বদর শহীদ হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে হামলার পরপরই তিনি নিখোঁজ ছিলেন বলে জানানো হলেও, পরবর্তীতে তাঁর ইন্তেকালের মর্মান্তিক সংবাদ নিশ্চিত করেছেন তার বন্ধুরা ও শুভাকাঙ্ক্ষীরা।
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জন আলেমের একটি কাফেলার সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন লালবাগ জামেয়ার সাবেক মেধাবী ছাত্র এবং ঢাকার কামরাঙ্গীরচর রবিউল উলুম মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা নাসরুল্লাহ বদর।
ঘটনার দিন বিমানবন্দর চত্বরে বোর্ডিং পাস সংগ্রহের ঠিক আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শেষ পোস্টে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের কাফেলা নিরাপদে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। জীবনের সেরা সফরের পথে প্রতিটি মুহূর্ত কাটুক মহান রবের অশেষ রহমত ও মেহেরবানিতে।’ এই বার্তা প্রকাশের কিছুক্ষণ পরেই বিমানবন্দর এলাকায় সেই বর্বরোচিত বোমা হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
দীর্ঘ উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর তাঁর সহকর্মী ও বন্ধুরা নিশ্চিত করেছেন যে, বিমানবন্দর চত্বরের ওই হামলায় তিনি শাহাদাতবরণ করেছেন। মেধাবী ও সদা হাস্যোজ্জ্বল এই আলেমের এমন আকস্মিক ইন্তেকালে তাঁর পরিবার, কর্মস্থল কামরাঙ্গীরচর মাদ্রাসা এবং দেশের আলেম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
