‘জীবনের সেরা সফর’: শাহাদাতের আগে বলে গেছেন শহীদ মাওলানা নাসরুল্লাহ বদর

by hsnalmahmud@gmail.com

‘আহ! আল্লাহর ঘর থেকে জান্নাতের মেহমান! রিয়াদ বিমানবন্দরে হূথীদের হামলায় শাহাদাত বরণ করার ঠিক আগেই ছিল তাঁর অন্তীম অভিব্যক্তি! মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদর-এর টাইমলাইনে এখনো জ্বলজ্বল করছে স্বপ্নপূরণের দুয়ারে দাঁড়িয়ে বলা কথাগুলো!’

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্রুসিক্ত এই অনুভূতি ব্যক্ত করেছেন। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় ওমরাহগামী কাফেলার সদস্য ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি মাওলানা মুহাম্মাদ নাসরুল্লাহ বদর শহীদ হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন
banner

শাহাদাতের ঠিক কিছু সময় আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তাঁর আবেগঘন স্ট্যাটাসগুলো এখন স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের চোখে জল এনে দিচ্ছে।

দেশ ছাড়ার মুহূর্ত:

১০ অক্টোবর শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে দেশ ছাড়ার প্রাক্কালে বিমানে ওঠার ছবি দিয়ে মাওলানা নাসরুল্লাহ লিখেছিলেন—

“গুডবাই, প্রিয় বাংলাদেশ! ফেলে যাচ্ছি প্রিয় মাতৃভূমি, হৃদয়ে নিয়ে অগণিত স্মৃতি আর একরাশ আবেগ। গন্তব্য এবার পবিত্র হারামাইনের পুণ্যভূমি। আল্লাহ চাহেতো আবারও দেখা হবে ইন-শা-আল্লাহ।”

আকাশপথের আবেগঘন মুহূর্ত:

এরপর ৩১ হাজার ৮৪৬ ফিট উঁচুতে বিমান উড্ডয়নকালে রিয়াদ এয়ারলাইন্সে বসে তিনি তাঁর অনুভূতির কথা ব্যক্ত করে লেখেন—

“স্বপ্নের দিকে! একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আকাশের অসীম নীলিমায় উড়ে চলেছি স্বপ্নের গন্তব্যের পানে। জীবনের সেরা সফরের এই মুহূর্তগুলো সত্যিই অন্য রকম, যা ভাষায় প্রকাশ করার মতো নয়! রিয়াদ এয়ারলাইন্সে আকাশপথের এই যাত্রা এক অসাধারণ অনুভূতি। জানালার ওপাশে বিস্তীর্ণ আকাশ, হৃদয়জুড়ে আনন্দ আর অন্তরে বাইতুল্লাহ যিয়ারতের গভীর আকাঙ্ক্ষা। প্রতিটি মুহূর্ত যেন স্মৃতির পাতায় চিরদিনের জন্য লিখে রাখার মতো। আলহামদুলিল্লাহ! আর মাত্র এক ঘণ্টার অপেক্ষা। তারপরেই পৌঁছে যাবো সৌদি আরবের রাজধানী রিয়াদে। এরপর শুরু হবে হৃদয়ের আরও কাছের সেই স্বপ্নময় গন্তব্যের পথে এগিয়ে চলা।”

সাথে তিনি দোয়া লিখেছিলেন: اَللَّهُمَّ يَسِّرْ لَنَا سَفَرَنَا وَتَقَبَّلْ عُمْرَتَنَا (হে আল্লাহ, আমাদের সফরকে সহজ করুন এবং আমাদের ওমরাহ কবুল করুন)।

রিয়াদ বিমানবন্দরে পৌঁছে শেষ বার্তা:

রিয়াদ বিমানবন্দরে পৌঁছেই তিনি কাফেলার ছবিসহ তাঁর জীবনের শেষ বার্তাটি ছড়িয়ে দেন—

‘আলহামদুলিল্লাহ! আমাদের কাফেলা নিরাপদে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে। জীবনের সেরা সফরের পথে প্রতিটি মুহূর্ত কাটুক মহান রবের অশেষ রহমত ও মেহেরবানিতে। আজকের জোহরের সালাতও এখানেই। বাকি সফরটুকুও যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়।’

এই বার্তা পোস্ট করার কিছুক্ষণ পরেই রিয়াদ বিমানবন্দরে জেদ্দাগামী সংযোগ ফ্লাইটের কাউন্টারে বোর্ডের পাশ সংগ্রহের সময় আকস্মিক হুতি মিসাইল হামলায় ধোঁয়া ও বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। প্রথমে নিখোঁজ থাকলেও পরবর্তীতে বন্ধু মো. খোরশেদ আলম, মুহাম্মদ রজীবুল হক এবং সৌদি দূতাবাস সূত্রের বরাতে ইহরাম পরিহিত অবস্থায় তাঁর শাহাদাতের বিষয়টি নিশ্চিত করা হয়।

বাইতুল্লাহ জিয়ারতের তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়ে ইহরাম পরা অবস্থায় এই তরুণ আলেমের এমন বিদায়ে পুরো আলেম সমাজ ও দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222