টানা বর্ষণেও মেলেনি স্বস্তি, বিশ্বজুড়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

by Abid vs36

বিশ্বের বিভিন্ন নগরীতে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। সাধারণত টানা বৃষ্টিতে বাতাসের গুণগত মানের কিছুটা উন্নতি হলেও এবার কয়েক দিনের বৃষ্টিতেও স্বস্তি মেলেনি মেগাসিটি ঢাকায়। উল্টো বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ সারিতে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।

বায়ুর মান পর্যবেক্ষণকারী বৈশ্বিক সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক অনুযায়ী, বুধবার সকালে ঢাকার বায়ুর মানের স্কোর রেকর্ড করা হয়েছে ১৫৯। সূচকের এই নম্বর অনুযায়ী ঢাকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একই সময়ে বিশ্বজুড়ে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান নেমে এসেছে তৃতীয় স্থানে।

বিজ্ঞাপন
banner

আইকিউএয়ারের তালিকায় ২৩৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষ স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। তালিকায় ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এছাড়া ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে কাতারের দোহা এবং পঞ্চম স্থানে অবস্থান করছে বাহরাইনের রাজধানী মানামা।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শহরের বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া, অনিয়ন্ত্রিত নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটার ধোঁয়া এবং কারখানা থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক। তারা সতর্ক করে জানান, দূষণের উৎসগুলো বন্ধে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ না করলে বৃষ্টির মতো প্রাকৃতিক উপায়েও বাতাসের মানের স্থায়ী উন্নতি সম্ভব নয়।

বাতাসের মান পর্যবেক্ষণের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একিউআই নম্বর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’। মান ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে সর্বসাধারণের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে বায়ুকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর সার্বিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222