সৌদি আরবের তায়েফের হাওয়াইয়া এলাকায় এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করার ঘটনা ঘটেছে। সৌদি সময় আনুমানিক ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কামরুল নামে ওই প্রবাসী তার কর্মস্থল সুপার মার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। এ সময় হামলাকারীর মুখোমুখি হলে প্রাণ বাঁচাতে দৌড়ে তিনি কর্মস্থলের সুপার মার্কেটের ভেতরে আশ্রয় নেন।
কামরুলকে অনুসরণ করে হামলাকারীও সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়ে। এ সময় সেখানে কর্মরত আরও দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে হামলাকারী কামরুলকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পর কামরুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে হামলার কারণ এবং হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এ ঘটনায় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
