আন্তর্জাতিক ডেস্ক :;প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নফাঁসের মতো অপরাধ মোকাবিলায় সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় মোদি বলেন, সরকার ইতোমধ্যে এ বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। শুক্রবার এ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন প্রশ্নফাঁস–সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেয় দিল্লি হাইকোর্ট।
ভিডিও বার্তায় মোদি বলেন, ‘প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর কষ্টের। গত আড়াই মাসে আমরা এ বিষয়ে অনেক পদক্ষেপ নিয়েছি। দোষীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, যেন কোনো শিক্ষার্থীর একটি বছরও নষ্ট না হয়। তাই দ্রুত পরীক্ষাগুলো আয়োজন করা হয়েছে।’
তিনি জানান, প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়েছে।
মোদি আরও বলেন, ‘আমি সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত বিচার আদালত গঠনের নির্দেশ দিয়েছিলাম। তারা গভীর রাত পর্যন্ত কাজ করে প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। আগামীকাল বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার পরামর্শ যুক্ত করে চূড়ান্ত রূপ দেওয়ার পর যত দ্রুত সম্ভব সংসদে বিলটি পাসের উদ্যোগ নেওয়া হবে।’
সূত্র: এনডিটিভি
