ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভে বিশেষ দোয়ার আহ্বান হেফাজতের

by hsnalmahmud@gmail.com

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী আলহাজ শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে সারাদেশের আলেম-উলামা ও দেশবাসীকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর চট্টগ্রাম ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হেফাজত আমির নিজেই। এতে মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম ও শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন
banner

হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, “ধর্মমন্ত্রী মুফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দ্বীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি বিগত ফ্যাসিবাদী শাসনের হাতে চরমভাবে নির্যাতিত হয়েছেন। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ অবস্থায় আবারও দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দেন।”

ধর্মমন্ত্রীর আরোগ্য কামনায় বাদ জোহর চট্টগ্রামের দারুল উলুম হাছানপুর হাটহাজারী মাদ্রাসাতেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদদীন ও মাওলানা কবির আহমদ।

এছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসায় মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব এবং কুমিল্লা আশরাফুল উলুম মাদ্রাসায় মুফতি শামসুল ইসলাম জিলানী দোয়া পরিচালনা করেন।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এবং জামিয়া ইউনুছিয়ায় মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ পৃথক দোয়ার আয়োজন করেন।

এক যৌথ বিবৃতিতে হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, “অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা সর্বস্তরের তৌহিদী জনতা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আল্লাহর দরবারে দোয়া করুন।”

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222