নির্ধারিত সময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে: বিভাগীয় কমিশনার

by Fatih Work

নির্ধারিত সময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। টয়লেট, ওয়াচ টাওয়ার, প্যান্ডেলসহ যাবতীয় কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

ইজতেমা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য শুক্রবার বিকেল থেকে মাইকিং শুরু হবে।

বিশ্ব ইজতেমার বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, ‘এই বিষয়টি জাতীয় বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে বিদেশি মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বছর প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আগের দেওয়া তারিখ অনুসারে দ্বিতীয় পর্ব ৭-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। কিন্তু দ্বিতীয় পর্বের বিষয়ে সরকার এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি।

২০২৪ সালের ৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়।

২০ ডিসেম্বর সাদপন্থীরা জোড় ইজতেমা করবেন ও শুরায়ে নেজামের তাবলিগের সাথীরা করতে দিবে না বলে বিরোধ সৃষ্টি হয়। এই অবস্থায় ১৮ ডিসেম্বর সাদপন্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল। কিন্তু ১৭ ডিসেম্বর রাতেই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। সাদপন্থীদের হামলায় নিহত হন তিনজন ও আহত হয় শতাধিক মুসল্লি।

এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় শুরায়ে নেজামের তাবলিগের সাথীদের পক্ষ থেকে সাদপন্থীদের ২৯ জনকে শনাক্ত ও শত শত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা হয়।

এই মামলার শনাক্ত ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর ও ৬ নম্বর আসামি জিয়া বিন কাসিম ও ৯ নম্বর আসামি শফিউল্লাহসহ তিনজন কারাগারে আছেন।

বর্তমানে সাদপন্থীরা দ্বিতীয় পর্ব করবেন বলে জানালেও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আর শুরায়ে নেজামের সাথীরা সাদপন্থীদের নিষিদ্ধ করতে আন্দোলন করছেন। তারা নিষিদ্ধ হলে ইজতেমা করতে পারবে না বলে শুরায়ে নেজামের দাবি।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222