জাতির আকাঙ্ক্ষিত নির্বাচনের জন্যই দীর্ঘ ১৬-১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো বলে জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক এক সমাবেশে লায়ন ফারুক এ কথা বলেন।
তিনি বলেন, পতিত স্বৈরাচার প্রশাসন, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প শুনিয়ে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশের সকল পর্যায় লুটপাটের আখড়ায় পরিণত করেছিল।
তিনি অভিযোগ করেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কৃষকদের কোনো ডাটাবেজ নেই। ভবিষ্যতে এটা তৈরি করে দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হবে।
লায়ন ফারুক রহমান বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশ গড়বার সময় এখন, যে বাংলাদেশের স্বপ্ন দেখেন ১৮ কোটি জনতা। যে বাংলাদেশে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক দর্শনের কারণে কোনো মানুষের মধ্যে পার্থক্য করা হবে না-এমন বাংলাদেশই আজ মানুষের প্রত্যাশা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির এম এ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) ফিরোজ মো. লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
এআইএল/
