ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে অবস্থিত ইলি বসতিতে ৭৬৩টি নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ শনিবার (২৫ জুলাই) এই ঘোষণা দেন।
ইসরায়েলের চ্যানেল ১৪-এর তথ্য অনুযায়ী, স্মোট্রিচ জানিয়েছেন যে ইসরায়েল তাদের বসতি নির্মাণ ও সম্প্রসারণের কাজ অব্যাহত রাখবে। বিনিয়ামিন আঞ্চলিক কাউন্সিলের অধীনে থাকা ইলি বসতিতে এসব আবাসন ইউনিট তৈরি ও উন্নত করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সেখানে হাজার হাজার অতিরিক্ত বসতি স্থাপনকারী থাকার সুযোগ পাবে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার নিজেদের ইসরায়েলের অন্যতম শীর্ষ বসতি-পন্থী সরকার হিসেবে দাবি করে আসছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে স্মোট্রিচ জানান যে, ২০২২ সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে বর্তমান সরকার পশ্চিম তীরে ১০৪টি নতুন বসতি এবং ১৬০টি কৃষিভিত্তিক বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে।
ফিলিস্তিনের তথ্য অনুযায়ী, বর্তমানে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরের ১৪১টি বসতি এবং ২২৪টি আউটেপোস্টে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন।
এদিকে ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধেই ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ৩ হাজার ৪৬৬ বার হামলা চালিয়েছেন বসতি স্থাপনকারীরা।
গ্রামগুলোতে হামলা, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, ভূমি দখল এবং নতুন বসতি গড়ে তোলার মতো এসব হামলায় ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ইসরায়েলের এই অব্যাহত বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের হামলা মূলত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে গ্রাস করার পথ প্রশস্ত করছে। এর ফলে জাতিসংঘ প্রস্তাবিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। সূত্র : আনাদোলু এজেন্সি
