নিজস্ব প্রতিবেদক :: আট মাস বয়সী এক শিশুকে বড় একটি পাতিলে বসিয়ে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন দুর্যোগের মধ্যেই মাত্র আট মাস বয়সী এক শিশুকে বড় একটি পাতিলে বসিয়ে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। হৃদয়স্পর্শী সেই ২১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের এক সদস্য টানানো রশি ধরে প্রবল স্রোতের মধ্যে এগিয়ে যাচ্ছেন। অন্য হাতে তিনি একটি বড় পাতিল বহন করছেন, যার ভেতরে নিরাপদে বসিয়ে রাখা হয়েছে শিশুটিকে। পাশে থাকা আরেক সদস্য শিশুটির ওপর ছাতা ধরে হাঁটছেন, যাতে বৃষ্টির পানি তার গায়ে না লাগে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও দুই সদস্যের সমন্বিত এই উদ্ধার অভিযান অনেকের মন ছুঁয়ে গেছে।
বাঁশখালি ফায়ার সার্ভিস জানায়, ৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে— এমন খবর পেয়ে আট সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আটকে থাকা পাঁচ শিশুসহ আট নারীকে নিরাপদে উদ্ধার করে স্থানীয় আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।
উদ্ধার অভিযানের সময় স্থানীয়দের সহযোগিতাও ছিল চোখে পড়ার মতো। ভিডিওতে শোনা যায়, উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে স্থানীয়রা একে অপরকে জায়গা করে দেওয়ার অনুরোধ করছেন এবং সতর্কতার সঙ্গে শিশু ও নারীদের তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ফায়ার সার্ভিসের এই মানবিক ও সাহসী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই উদ্ধারকর্মীদের দায়িত্বশীলতা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন।
