পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানেই ফ্যাসিবাদের উত্থান: গাজী আতাউর রহমান

by Fatih Work
নিজস্ব প্রতিবেদক
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার রাজধানীর মিরপুর-১২-তে ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্লবী ও রূপনগর থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে বারবার পরীক্ষিত এফপিটিপি (First Past The Post) পদ্ধতির নির্বাচন দেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ২৪ সালের জুলাই অভ্যুত্থানে হাজারো প্রাণের রক্তের বিনিময়ে দাঁড়ানো বর্তমান সরকার যদি ফ্যাসিস্ট শক্তিদের বিচার না করেই তড়িঘড়ি নির্বাচন আয়োজন করে, তবে তা হবে পুরো বিপ্লবের সঙ্গে বেঈমানি।”
গাজী আতাউর রহমান বলেন, “ফ্যাসিস্ট শাসনামলের খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও লুটপাটের বিচার করতে হবে। পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। অন্যথায় বর্তমান সরকারও ইতিহাসে মীরজাফরের তালিকায় স্থান পাবে।”
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম বলেন, “পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আমরা জুলাই আন্দোলনের দিনগুলোতে জীবন বাজি রেখে লড়েছি। অথচ আন্দোলনের পরও খুন, চাঁদাবাজি, ছিনতাই ও ধর্ষণ বন্ধ হয়নি। দেশের মানুষ এখনও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছে। প্রকৃত কল্যাণরাষ্ট্র গড়তে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে সৎ ও খোদাভীরু প্রার্থীদের নির্বাচিত করতে হবে।”
ঢাকা-১৬ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী প্রকৌশলী আলহাজ মো. সাইফুল ইসলাম বলেন, “আমি এই আসনকে চাঁদাবাজমুক্ত ও পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করব।”
গণসমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ আমিরুল হক, ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি ক্বারী মুস্তাইজ বিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সোহরাব হোসেন ফজলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারা প্রমুখ।
এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222