বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের কোনো দৃষ্টান্ত নেই। স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ রোধে এমন বিধিনিষেধ কার্যকর হলেও, মেয়াদ নির্ধারণের প্রচলন নেই বলে তিনি মন্তব্য করেন।
রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বলেছি—বিএনপির উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কেউ যেন ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর পদে বহাল না থাকেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও সংসদের ভূমিকা নির্বাহী বিভাগের কার্যকর পরিচালনার সঙ্গে সম্পর্কিত। এজন্য এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে বিএনপি একমত নয়। এটাই ছিল আমাদের শর্ত। আমরা আশা করি, আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে, তবে আলোচনার সময়সীমা দীর্ঘ হওয়া উচিত নয়।’
এ সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদের বিষয়ে আমরা বহু আগে মতামত দিয়েছি। যারা তা করেনি, সেটার দায় আমাদের নয়। এটি তাদের দায়িত্ব, আমাদের নয়।’
হাআমা/
