ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের ধুলদী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে চার কেজি গাঁজাসহ সাগর আহমেদ (২৫) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক এবং একটি বাটন মোবাইলফোন জব্দ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে জেলা শহরের ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের ধুলদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর আহমেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার মাদারপুর গ্রামের মোকলেছুর রহমান ও লুৎফুন্নেছা দম্পতির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ইজিবাইকযোগে মাদকের একটি বড় চালান ফরিদপুরে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা কার্যালয়ের একটি বিশেষ রেইডিং টিম ধুলদী এলাকায় অবস্থান নেয়। পরে ওই মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালায় ডিএনসির টিম। এ সময় ইজিবাইকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা চার কেজি গাঁজা উদ্ধারসহ চালক সাগরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজকে রক্ষা করতে এবং সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আমাদের এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করতে এবং মাদক সিন্ডিকেটের মূল উপড়ে ফেলতে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ও গতিশীলভাবে অব্যাহত থাকবে।
টিএইচএ/
