বরিশাল বিএম কলেজে ছাত্র-ছাত্রী ভোলা জেলা কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) কলেজের হলরুমে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ তাইজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ তাইজুল ইসলাম তার বক্তব্যে বলেন, “যদি সকলেই ঐক্যবদ্ধ থাকে, তাহলে যে কোনো সমস্যার সমাধান সহজেই সম্ভব। ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে ছাত্র-ছাত্রীরা অনেক কষ্ট করে পড়াশোনা করে। তাদের জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের পাশে দাঁড়িয়ে তারা আরও ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারবে।”
তিনি আরও বলেন, “আমরা যদি একসাথে কাজ করি, তবে ভোলার শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ভবিষ্যত তৈরি করতে পারব। সমাজের প্রতিটি ব্যক্তি যদি একটু সাহায্যের হাত বাড়ায়, তাহলে আমাদের ভোলার শিক্ষার্থীরা আরও ভালোভাবে নিজেদের জীবনযাত্রার পথ নির্ধারণ করতে পারবে।”
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই ইফতার গ্রহণ করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।
এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে একাত্মতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে, এবং ভোলা জেলার শিক্ষার্থীদের প্রতি সামাজিক সহায়তা প্রদানে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।
এনএ/
