যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ফ্লাইটে ‘আমেরিকা মুর্দাবাদ’, ‘ট্রাম্প মুর্দাবাদ’ এবং ‘আল্লাহু আকবর’ স্লোগান দেওয়ার ঘটনায় ৪১ বছর বয়সী এক যাত্রীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে স্কটল্যান্ড পুলিশ।
ওই যাত্রীকে আগামী সোমবার পেইসলি শেরিফ কোর্টে হাজির করা হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) ইন্ডিপেন্ডেন্ট উর্দু সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে ‘ইজি জেট’-এর একটি ফ্লাইটে, যা লুটন শহর থেকে গ্লাসগো অভিমুখে যাত্রা করছিল। বিমানে থাকা অন্য যাত্রীদের ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি আসনের মাঝখানে দাঁড়িয়ে বারবার স্লোগান দিতে থাকেন। পরে বিমানে থাকা দুই যাত্রী তাকে নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর ফ্লাইটটি সকাল ৮টা ২০ মিনিটে গ্লাসগো বিমানবন্দরে অবতরণ করলে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
স্কটল্যান্ড পুলিশ জানায়, পুরো ঘটনাটির ভিডিও ফুটেজ বর্তমানে সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলোর আশঙ্কা, এর পেছনে উসকানিমূলক উদ্দেশ্য থাকতে পারে।
ঘটনার সময় স্কটল্যান্ডে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেসময় স্কটল্যান্ডে তার ব্যক্তিগত গলফ রিসোর্ট সফরে ছিলেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাৎ করতে স্কটল্যান্ডের একটি হোটেলে পৌঁছেছিলেন।
এদিকে ইজি জেট এক বিবৃতিতে জানায়, লুটন থেকে গ্লাসগোগামী আমাদের ফ্লাইট EZY609-এর গন্তব্যে পৌঁছানোর পর পুলিশ একজন যাত্রীকে তার আচরণের কারণে বিমান থেকে সরিয়ে নেয়। আমাদের ক্রু সদস্যরা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় তৎপর থাকে, যাতে ফ্লাইট ও অন্য যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত না হয়।’
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট উর্দু।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
