দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান এ দোয়া করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
পোস্টে আরও উল্লেখ করেন, মরহুমার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে তাদের জন্য সবর-ই-জামিল দান করার প্রার্থনা করেন। তিনি দোয়ায় বলেন, “আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।”
উল্লেখ্য, ৮০ বছর বয়সে বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
টিএইচএ/
