পোল্ট্রি মুরগি ও ডিম উৎপাদনে লাগামহীন ব্যয় বৃদ্ধির বিপরীতে বাজারে ন্যায্যমূল্য না পাওয়া, করপোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্য ও লোকসানের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদসভা করেছেন নরসিংদীর খামারি ও ডিলাররা। সমাবেশ শেষে মহাসড়কে নিজেদের উৎপাদিত ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান ক্ষুব্ধ পোল্ট্রি ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় শিবপুর উপজেলার ইটাখোলা মহাসড়কে নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিবপুরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোলট্রি খামারি, ফিড ডিলার ও খুচরা ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পোল্ট্রি মুরগির বাচ্চা, ডিম ও পোল্ট্রি খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং উৎপাদনের সাথে সঙ্গতি রেখে বিক্রয়মূল্য সমন্বয়ের দাবিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনের একপর্যায়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে মহাসড়কের ওপর ডিম ভেঙে ব্যতিক্রমী উপায়ে তাদের প্রতিবাদ রেজিস্টার করেন।
প্রতিবাদসভায় খামারিরা অভিযোগ করে বলেন, একদিনের পোল্ট্রি বাচ্চা, দানাদার খাদ্য ও ওষুধের দাম প্রতিনিয়ত বাড়লেও খামারে উৎপাদিত ডিম ও মুরগির সঠিক দাম মিলছে না। উৎপাদন ব্যয়ের সাথে বাজারমূল্যের এমন অসম বৈষম্যের কারণে প্রতিদিনই প্রান্তিক খামারিদের লোকসান গুনতে হচ্ছে। ধারাবাহিক লোকসানের মুখে জেলার অনেক ক্ষুদ্র ও মাঝারি খামার ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। তাছাড়া বাজারে মধ্যস্বত্বভোগী ফড়িয়া, অসাধু সিন্ডিকেট এবং বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাবের কারণে সাধারণ খামারিরা চরমভাবে বঞ্চিত হচ্ছেন।
সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পোল্ট্রি খাত জাতীয় খাদ্যনিরাপত্তা এবং প্রোটিন চাহিদার অন্যতম প্রধান স্তম্ভ। অবিলম্বে পোল্ট্রি শিল্পকে বাঁচাতে এবং প্রান্তিক খামারিদের সুরক্ষায় সরকারি পর্যায়ে কার্যকর পদক্ষেপ না নিলে দেশের সর্বস্তরের খামারিদের সাথে নিয়ে আরও কঠোর ও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), সিনিয়র সহসভাপতি মো. ওসমান মিয়া, সহসভাপতি সাইদুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
টিএইচএ/
