আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো দুই মার্কিন সেনাসদস্যের আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে ওই ঘটনায় নিখোঁজ থাকা অপর এক সেনাসদস্যের সন্ধানে পরিচালিত উদ্ধার অভিযানে পাওয়া দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ডিএনএ ও ল্যাব পরীক্ষা চলছে বলে জানানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) সেন্টকমের সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসি নিউজ জানায়, নিহত দুই সেনাসদস্য হলেন টেক্সাসের ক্যারলটনের বাসিন্দা ১৯ বছর বয়সি প্রাইভেট ইসাবেলা গনজালেস এবং হাওয়াইয়ের ইওয়া বিচের ২৫ বছর বয়সি ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান।
পেন্টাগন সূত্রে জানা গেছে, নিহত উভয় সেনা ২০১৪ সালে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসবিরোধী সামরিক অভিযান ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করছিলেন। তারা ইরানের বিরুদ্ধে সরাসরি পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’-র অন্তর্ভুক্ত ছিলেন না।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (১৬ জুলাই) জর্ডানে মার্কিন ও মিত্র বাহিনীর একটি ঘাঁটিতে অতর্কিত ইরানি হামলায় এই দুই সেনাসদস্য নিহত হন এবং আরও একজন নিখোঁজ হন। এর পরদিন উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি কামিকাজে ড্রোনের অবিস্ফোরিত অংশ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করার সময় পৃথক ঘটনায় আরও এক মার্কিন সেনা নিহত ও একজন আহত হন। ঘটনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের এই আত্মত্যাগকে দেশের জন্য সর্বোচ্চ সম্মান হিসেবে অভিহিত করেন।
ইরানি হামলায় মার্কিন সেনাদের প্রাণহানির ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সেনাহত্যার উপযুক্ত জবাব দিতে এবং ইরানকে ‘বহুগুণ মূল্য’ দেওয়ানোর জন্য ইতিমধ্যেই পেন্টাগন ও সামরিক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, ডেলাওয়্যারের ডোভার এয়ার ফোর্স বেসে নিহত সেনাসদস্যদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
উলে্লখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার পর থেকে এই চলমান যুদ্ধে এ পর্যন্ত ১৫ জন এবং যুদ্ধবহির্ভূত বিভিন্ন ঘটনায় আরও ২ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১৪০ জন সেনা, যাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, সাম্প্রতিক সংঘাতের পর থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন, যা সদ্য কার্যকর হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতিকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছে।
টিএইচএ/
