বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর শিবপুর উপজেলায় একের পর এক মানবিক কাজ করে প্রশংসা কুড়াচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন। জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর দিন কাটানো ৬৮ বছর বয়সী বৃদ্ধা মোসলেমা খাতুনের পাশে দাঁড়িয়ে এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামে মোসলেমার বাড়িতে সরাসরি উপস্থিত হয়ে তাঁর হাতে দুই বান্ডিল ঢেউটিন তুলে দেন ইউএনও।
শিবপুর উপজেলার উত্তর জয়মঙ্গল গ্রামের বাসিন্দা বৃদ্ধা মোসলেমা খাতুন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ পলিথিনের ছাউনি ও কাপড়ের বেড়া দেওয়া ঝুপড়ি ঘরে চরম কষ্ট ভোগ করছিলেন। সামান্য ঝড়-বৃষ্টিতেই ঘরের ভেতরের পরিবেশ ভয়াবহ রূপ নিত এবং বৃষ্টির পানি পড়ে নিরাপদ আশ্রয়ের অভাব দেখা দিত। এমন দুর্যোগময় পরিস্থিতিতে রাত কাটানো অসহায় মোসলেমার করুণ কাহিনীর কথা জানতে পেরে তাঁর জরাজীর্ণ ঘরটি মেরামতের দায়িত্ব নেয় উপজেলা প্রশাসন। ঢেউটিন হাতে পেয়ে দীর্ঘদিনের কষ্ট লাঘবের আশায় আবেগপ্লুত হয়ে পড়েন ওই বৃদ্ধা।
টিন হস্তান্তরকালে ইউএনও মোছা. ফারজানা ইয়াসমিন জানান, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহীর নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের অন্যতম দায়িত্ব এবং উপজেলার মানবেতর জীবনযাপন করা পরিবারগুলোর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের তীব্র প্রশংসা করে স্বস্তি প্রকাশ করেছেন।
উপহার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জলিল হোসাইন, ইউপি সচিব আরিফ উদ্দিন, শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মানিক, ইউপি সদস্য মনির হোসেন, দুলাল মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টিএইচএ/
