মাদককারবারির তথ্য দিলে মিলবে ৫ হাজার টাকা পুরস্কার

by Abid vs36

মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। একই সঙ্গে বাউফলে মাদক কারবারিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে স্থানীয়দের উৎসাহিত করতে নগদ ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশে মাদক নিয়ন্ত্রণ নয়, বরং মাদক পুরোপুরি নির্মূলই হওয়া উচিত। তিনি জানান, এ লক্ষ্যে তিনি জাতীয় সংসদে ‘মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর’-এর নাম ও কাঠামো পরিবর্তন করে ‘মাদক নির্মূল অধিদপ্তর’ গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন। তাঁর কথায়, মাদক নিয়ন্ত্রণ বলতে সরকারের নিয়ন্ত্রণে মাদক লেনদেন বোঝায়, কিন্তু মাদক নির্মূলের মূল অর্থ হলো দেশে মাদকের সব ধরনের বেচাকেনা সম্পূর্ণ বন্ধ করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকার মাদক নির্মূলের বদলে নিয়ন্ত্রণের কথা বলেছে। অথচ মাদক ব্যবসার সাথে জড়িত সিন্ডিকেট বর্তমানে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বাউফলকে পুরোপুরি মাদকমুক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, কোনো মাদক কারবারির বিরুদ্ধে সঠিক ও সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। একই সাথে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তিনি আরও উল্লেখ করেন, একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের পথ থেকে ফেরাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা সামাজিক মূল্যবোধ জোরদার, বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222