ভারতের রাজধানী নয়াদিল্লির শালিমার বাগ এলাকায় মঙ্গলবার গভীর রাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন (এমসিডি)। অভিযানের সময় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অবৈধ স্থাপনা সরানোর সময় একটি মসজিদের আংশিক অংশও ভেঙে ফেলা হয়েছে।
কর্মকর্তারা জানান, বড় একটি হাসপাতালের পাশের সড়কের দুই পাশে থাকা স্থাপনা অপসারণের জন্য বুলডোজার ও জেসিবি মেশিন ব্যবহার করা হয়। ওই এলাকায় এর আগে কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। মঙ্গলবার রাতের অভিযানে সড়কের পাশে থাকা অবশিষ্ট স্থাপনাগুলো সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে একটি ধর্মীয় স্থাপনা ও আশপাশের কয়েকটি বাড়িও ছিল।
অভিযান চলাকালে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। কর্তৃপক্ষের ভাষ্য, সড়কের দুই পাশে যেসব স্থাপনাকে অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, উচ্ছেদ অভিযানের আগে তাদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে ওই নোটিশে কত সময় দেওয়া হয়েছিল বা কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, সে বিষয়ে তারা বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেননি।
এদিকে রাতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) দিল্লি শাখার সভাপতি শোয়েব জামাই। তার দাবি, গভীর রাতে মসজিদটির অংশবিশেষ ভাঙার অভিযান চালানো হয়েছে এবং সংশ্লিষ্ট ধর্মীয় স্থাপনাটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।
তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযানটিকে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।
