মার্চের ৯ দিনে রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলারের বেশি

by Fatih Work

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে। চলতি মার্চ মাসের প্রথম ৯ দিনেই দেশে এসেছে ১৫২ কোটি ৬০ লাখ বা ১.৫২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে ১৬ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক চিত্র তুলে ধরেন।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। পরিসংখ্যানে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৩৯৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৯০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছে উৎসবের খরচ হিসেবে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন, যার প্রভাবে রেমিট্যান্স প্রবাহে এই গতিশীলতা তৈরি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। জানুয়ারি মাসে এসেছিল ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে আসা তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এছাড়া গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার আসার মাধ্যমে দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের একক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড তৈরি হয়েছিল।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা সর্বমোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড। বর্তমান ধারায় রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে এই অর্থবছরেও নতুন রেকর্ড সৃষ্টির সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা।

 টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222