মোল্লাবাড়ির কবি আল মাহমুদের জন্মদিনে অনেক আয়োজন

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: কবি আল মাহমুদের জন্মদিনে নানা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ‘সোনালী কাবিন’ খ্যাত আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী আজ শনিবার।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ইন্তেকাল করেন ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন
banner

দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ ‎তিন দিনব্যাপী স্মরণোত্সবের আয়োজন করেছে। আলোচনা সভা, কবিতা পাঠ, স্মৃতিচারণ, সংগীতায়োজন, পদক প্রদান এবং সাহিত্যবিষয়ক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসবের শেষ হবে।

কবি আল মাহমুদের পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার বাবার নাম মীর আবদুর রব ও মায়ের নাম রওশন আরা মীর। তার দাদা আবদুল ওহাব মোল্লা হবিগঞ্জ জেলায় জমিদার ছিলেন।

কবি আল মাহমুদ কুমিল্লার দাউদকান্দি থানার সাধনা হাই স্কুল এবং পরে চট্টগ্রামের সীতাকুণ্ড হাই স্কুলে পড়ালেখা করেন। মূলত এ সময় থেকেই তার লেখালেখির শুরু।

সংবাদপত্রে লেখালেখির সূত্র ধরে ১৯৫৪ সালে আল মাহমুদ ঢাকায় চলে আসেন। সমকালীন বাংলা সাপ্তাহিক পত্রপত্রিকার মধ্যে কবি আব্দুর রশীদ ওয়াসেকপুরী সম্পাদিত ও নাজমুল হক প্রকাশিত সাপ্তাহিক কাফেলায় লেখালেখি শুরু করেন। পাশাপাশি দৈনিক মিল্লাত পত্রিকায় প্রুফ রিডার হিসাবে সাংবাদিকতা জগতে পদচারণা শুরু করেন।

১৯৫৫ সালে কবি আব্দুর রশীদ ওয়াসেকপুরী কাফেলার চাকরি ছেড়ে দিলে তিনি সেখানে সম্পাদক হিসাবে যোগ দেন।

‎বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন। অন্যান্য পুরস্কার ও সম্মাননা হলো- জয় বাংলা পুরস্কার, হুমায়ুন কবীর স্মৃতি পুরস্কার, জীবনানন্দ স্মৃতি পুরস্কার, কাজী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার, কবি জসীম উদ্দিন পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, ভানুসিংহ সম্মাননা পদক, লালন পুরস্কার।

কবির প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে-লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া, অদৃশ্যবাদীদের রান্নাবান্না, দিনযাপন, দ্বিতীয় ভাঙন, একটি পাখি লেজঝোলা, পাখির কাছে ফুলের কাছে, আল মাহমুদের গল্প।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222