৩৬নিউজ ডেস্ক: রাজনীতি কেবল এমপি কিংবা মন্ত্রী হওয়ার জন্য নয়, বরং দেশের মানুষ ও মাটির কল্যাণে লড়াই করার মাধ্যম বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নেতাদের দায়িত্ববোধ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটি জাতিগোষ্ঠী পৃথিবীতে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য যেসব শর্ত প্রয়োজন, তা দেশে বাস্তবায়িত হচ্ছে না। দেশের সার্বিক সমস্যাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং মুক্ত আলোচনার সুযোগ তৈরি করতে না পারলে দেশে গণতন্ত্র কখনো টেকসই হবে না। এ সময় সাংবাদিকদের স্বাধীন ভূমিকা পালনে বাধা সৃষ্টি এবং ক্ষমতাশীলদের কঠিন প্রশ্ন না করার পেছনে রাজনীতিবিদদের দায় রয়েছে বলেও মনে করেন তিনি।
এমপি-মন্ত্রী হওয়ার দৌড়ে অংশ না নিয়ে আপসহীন থাকার ইঙ্গিত দিয়ে এবি পার্টির এই নেতা জানান, বড় রাজনৈতিক দলগুলো থেকে বারবার প্রস্তাব পাওয়ার পরও তিনি নীতিতে অটল রয়েছেন। তিনি বলেন, রাজনীতিতে এমপি বা মন্ত্রী হওয়া খুব কঠিন কিছু নয়, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই আসল বিষয়। পদ-পদবি পাওয়ার চেয়ে খেটে খাওয়া কৃষক ও শ্রমিকের প্রতিনিধিত্ব করাই একজন রাজনৈতিক কর্মীর প্রধান দায়িত্ব।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় বা ‘ডেড’ হয়ে গেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে যেভাবে দলটির শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়েছেন, সেই বাস্তবতায় রাজনীতিতে তাদের ঘুরে দাঁড়ানোর কোনো যৌক্তিক সুযোগ নেই। পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব কম। এমনকি দলটির নেতাকর্মীরা নিজেরাই এখন শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের সমালোচনা করছেন বলে দাবি করেন তিনি।
টিএইচএ/
