আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>
লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস, বরেণ্য আলেম ও ওস্তাজুল আসাতিজা হযরত মাওলানা আব্দুর রহীম (রহ.) আর নেই। তিনি আজ রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকার লালবাগ জামিয়া আরাবিয়াতেই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাদরাসা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি লালবাগ জামিয়ায় হাদিসের দরস প্রদান করে আসছিলেন এবং দেশের অসংখ্য আলেম তাঁর কাছে ইলমে হাদিসে দীক্ষা গ্রহণ করেছেন। তাঁর ইলম, তাকওয়া ও স্নেহপূর্ণ অভিভাবকত্বে গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের তালিবে ইলম।
মাওলানা আব্দুর রহীম (রহ.) ছিলেন লালবাগ জামিয়ার অন্যতম প্রধান শিক্ষাবিদ ও অভিভাবক। তাঁর দরস, নীরব নসিহত ও শিষ্টাচার শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
তাঁর ইন্তেকালে আলেম সমাজ, মাদরাসা অঙ্গন এবং দেশব্যাপী তালিবে ইলমদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। লালবাগ জামিয়ায় মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এদিকে শোকবার্তায় মুফতী মুহাম্মাদ আলী কাসেমী মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্রবৃন্দ ও লালবাগ জামিয়ার সকল উস্তাদ ও তালিবে ইলমকে সবরে জামিল নসীব করেন।
তিনি আরও বলেন, আল্লাহ তাআলা মরহুমকে বিশেষ রহমতের চাদরে ঢেকে নিন এবং তাঁর পরিবার ও প্রতিষ্ঠানে খায়র ও বরকত দান করুন।
মরহুমের ইন্তেকালে বিভিন্ন ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান, আলেম সমাজ ও শুভানুধ্যায়ীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
হাআমা/
