শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

by Abid vs36

 চলমান প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পড়াশোনায় মনোযোগী হতে এবং পড়ার টেবিলে ফিরে যাওয়ার আকুল অনুরোধ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে তিনি আশ্বাস দেন, কোনো কেন্দ্রে প্রশাসনের দুর্বলতা বা জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা সঠিকভাবে অংশ নিতে না পারলে প্রয়োজনে সেসব ক্ষেত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে পৃথক দুটি সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।

বিজ্ঞাপন
banner

শিক্ষামন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সরকার নিজেও সার্বক্ষণিক দুশ্চিন্তায় রয়েছে এবং পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে। আবহাওয়া সংক্রান্ত ইতিবাচক পূর্বাভাসের ভিত্তিতেই পরীক্ষা বহাল রাখা হয়েছিল। তবে যেসব কেন্দ্রে পানি উঠেছিল, সেখান থেকে তাৎক্ষণিকভাবে কেন্দ্র সরিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছিল। ইতোমধ্যে কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার্থীরা আমাদের জাতির ভবিষ্যৎ, তাদের কোনোভাবেই বঞ্চিত করা হবে না। পরীক্ষা কেন্দ্রে কোনো অসঙ্গতি বা ত্রুটি দেখা দিলে আমাদের একাধিক প্রশ্ন সেট প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়ার বিধানও রাখা হয়েছে। সার্বিক ক্ষতির জরিপ সম্পন্ন হলে দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি শিক্ষার্থীদের রাস্তায় অবস্থান না নিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222