সকালেই রাজধানীতে তীব্র যানজট

by Abid vs36

রাজধানীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর সড়কে রোববার সকালে সৃষ্টি হওয়া ভয়াবহ যানজটে থমকে গেছে হাজারো অফিসগামী মানুষের পথচলা। দূরপাল্লার ও স্থানীয় গণপরিবহনের অনিয়ন্ত্রিত চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ট্রাফিক লেনের চরম বিশৃঙ্খলার কারণে কুড়িল থেকে শুরু করে বনানী ও মিরপুর সংযোগ সড়কগুলোতে শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে আটকে থাকে।

সকাল সোয়া ৮টার দিকে সরজমিনে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া এই যানজটের লেজ বিস্তৃত হয়ে যায় বনানী-কাকলী মোড় পর্যন্ত। অন্যদিকে মিরপুর থেকে বিমানবন্দরমুখী প্রধান পথটিতে মাটিকাটা ফ্লাইওভার ছাড়িয়ে যানজট ঠেকে ইসিবি চত্বর পর্যন্ত। সাপ্তাহিক কর্মদিবসের শুরুতে এমন অবর্ণনীয় জটের কারণে গন্তব্যে পৌঁছাতে মারাত্মক বেগ পোহাতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবীদের।

বিজ্ঞাপন
banner

কুড়িল বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, একাধিক পরিবহনের বাস মাঝরাস্তায় আড়াআড়ি দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করছে। একই সাথে কুড়িল ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহন এবং সরাসরি বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলো কোনো ধরনের লেন শৃঙ্খলা মানছিল না। নির্দিষ্ট লেনের তোয়াক্কা না করে চালকরা ডানে-বামে গাড়ি ঢোকানোর চেষ্টা করায় মূল সংযোগস্থলগুলোতে গাড়ির গতি একেবারেই শূন্যে নেমে আসে, যার রেশ ছড়িয়ে পড়ে পেছনের পুরো সড়কজুড়ে।

হাতে সময় নিয়ে বেরিয়েও দীর্ঘ সময় একই জায়গায় আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। বেসরকারি চাকরিজীবী সাইফুল আবেদিন বিরক্তি প্রকাশ করে জানান, প্রতিনিয়ত এই সড়কে একই ভোগান্তি পোহাতে হলেও ট্রাফিক শৃঙ্খলায় স্থায়ী কোনো সমাধান আসছে না। চালকরা একটু সচেতন হয়ে বাম ও ডান দিকের নির্দিষ্ট লেন মেনে গাড়ি চালালে এবং নির্দিষ্ট বেতে বাস থামালে এই কৃত্রিম যানজট অনেকটাই এড়ানো সম্ভব।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222