হজযাত্রীদের নিরাপদ ভ্রমণে ৫টি বিশেষ পদক্ষেপ নিচ্ছে সরকার

by Fatih Work

হজযাত্রীদের নিরাপদ যাতায়াত, উন্নত স্বাস্থ্যসেবা এবং ইমিগ্রেশন ও প্রি-ডিপারচার সুবিধা নিশ্চিত করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পাঁচটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই তথ্য জানান। মন্ত্রী জানান, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
banner

ধর্মমন্ত্রী জানান, হজক্যাম্পের সামনে আন্ডারপাসের নির্মাণকাজ চলমান থাকায় হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক বিভাগের সহায়তায় একটি ‘ডেডিকেটেড ট্রাফিক রুট’ পরিকল্পনা কার্যকর করা হয়েছে। এর ফলে হজযাত্রীরা জটলামুক্তভাবে সরাসরি বিমানবন্দরে পৌঁছাতে পারবেন। স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি উল্লেখ করেন, হজক্যাম্পের ভেতরে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসার জন্য একটি মেডিকেল কেম্প স্থাপন করা হয়েছে।  কেম্পে ১৯ জন চিকিৎসক, ১২ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১৪ জন সিনিয়র স্টাফ নার্স এবং ৪ জন স্যানিটারি ইন্সপেক্টর নিয়োজিত থাকবেন। এছাড়া জরুরি স্থানান্তরের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবাও প্রস্তুত রাখা হয়েছে।

ইমিগ্রেশন কার্যক্রম সহজীকরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন করা হচ্ছে। এর ফলে সৌদি আরবে পৌঁছে হাজিদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হবে না। বিশ্বের মাত্র অল্প কয়েকটি দেশের হজযাত্রীরা এই বিশেষ সুবিধা পেয়ে থাকেন। এছাড়া বোর্ডিং ও ইমিগ্রেশনের আগে লাগেজ ট্যাগিং সুবিধার মাধ্যমে মালামাল নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

হজ ব্যবস্থাপনার সার্বিক মনিটরিং নিশ্চিত করতে হজক্যাম্পে ২৪ ঘণ্টা সচল কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যা সরাসরি মন্ত্রণালয় তদারকি করছে। ডিজিটাল সেবা হিসেবে ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটি হজযাত্রীর অবস্থান ও যাত্রা ট্র্যাকিং করা হচ্ছে। ধর্মমন্ত্রী আরও জানান, সেবার মান সরেজমিনে তদারকি করতে একাধিক টিম কাজ করছে এবং হজযাত্রীদের যেকোনো অভিযোগ বা পরামর্শের জন্য ‘১৬১৩৬’ কল সেন্টারটি দিনরাত ২৪ ঘণ্টা উন্মুক্ত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222