হামাসের নতুন শীর্ষ নেতা কে এই খলিল আল-হায়া

by hsnalmahmud@gmail.com

বিশেষ প্রতিবেদক:: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন সর্বাধিনায়ক বা শীর্ষ নেতা হিসেবে মনোনীত হয়েছেন খলিল আল-হায়া। গোষ্ঠীটির এক আনুষ্ঠানিক বিবৃতির বরাতে সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, হামাসের সর্বাধিনায়ক পদে খলিল আল-হায়ার আসা ইঙ্গিত দিচ্ছে যে, গোষ্ঠীটি আন্তর্জাতিক মহলের নিরস্ত্রীকরণের আহ্বানের মুখে আরও কট্টর ও কঠোর অবস্থান নিতে যাচ্ছে।

বিজ্ঞাপন
banner

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০২৪ সালের অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। এরপর থেকে গাজার নির্বাসিত প্রধান এবং শীর্ষ আলোচক হিসেবে খলিল আল-হায়াই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে চলে আসেন। তিনি পূর্বসূরি সিনওয়ার এবং ২০২৪ সালের জুলাইয়ে ইরানে নিহত ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন।

কঠিন সময়ে নেতৃত্বের দায়িত্বে হায়া

১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে হামাস বর্তমানে তাদের সবচেয়ে সংকটময় সময় পার করছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি সামরিক অভিযান, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক নিরস্ত্রীকরণের দাবির মধ্যেই জানুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ৫০ সদস্যের পরিষদ খলিল আল-হায়াকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করে। সংগঠনের ওপর প্রভাবশালী অন্য শীর্ষ কর্মকর্তা খালেদ মেশালের চেয়েও খলিল আল-হায়াকে বেশি কট্টরপন্থী বলে বিবেচনা করা হয়।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, কাতারের দোহায় অবস্থানকালে ২০২৫ সালেও ইসরায়েলি বিমান হামলায় তিনি লক্ষ্যবস্তু হয়েছিলেন।

গাজা পরিস্থিতি ও ভূ-রাজনীতিতে প্রভাব

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার অবস্থা এখনও আশঙ্কাজনক। ইসরায়েল বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে এবং ছোটখাটো হামলা অব্যাহত রেখেছে। গাজার চিকিৎসকদের মতে, ওই যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১,১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশই বেসামরিক নাগরিক।

ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক রেহাম ওওদা রয়টার্সকে জানিয়েছেন, খলিল আল-হায়াকে শীর্ষ পদে বসানোর অর্থ হলো হামাস সশস্ত্র সংগ্রাম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে হামাস কোনো অবস্থাতেই তাদের অস্ত্র আত্মসমর্পণ বা নিরস্ত্রীকরণ মেনে নেবে না। একই সঙ্গে তারা ইরান সমর্থিত ‘প্রতিরোধ অক্ষের’ সঙ্গে সম্পর্ক বজায় রেখে সামরিক শক্তি পুনর্গঠনে জোর দেবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত রয়েছে। তবে হামাস, মধ্যস্থতাকারী দেশগুলো এবং ট্রাম্পের গঠন করা শান্তি পর্ষদের আলোচনার পরও এই অঞ্চলে স্থায়ী শান্তির কোনো সুনির্দিষ্ট চুক্তি বাস্তবায়িত হয়নি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222