বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): দীর্ঘ প্রায় ১২ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা নরসিংদীর শালিধা পৌর কবরস্থানের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানটি অবহেলায় পড়ে থাকায় বৃষ্টির সময় সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে মৃত ব্যক্তিদের দাফন করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হতো স্বজনদের। এছাড়া অযত্নে কবরস্থানটি ঝোপঝাড় ও বনজঙ্গলে পরিণত হওয়ার পাশাপাশি মাদকসেবী ও ছিনতাইকারীদের আড্ডাখানায় রূপ নিয়েছিল, যা এলাকাবাসীর জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এ অবস্থার নিরসনে কবরস্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা দূরীকরণ এবং সার্বিক উন্নয়ন ও সংস্কারের কাজ হাতে নিয়েছে নরসিংদী জেলা ছাত্রদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংস্কার কার্যক্রম পরিদর্শনে এসে নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন এবং সদস্য সচিব শামিম সরকার এই উদ্যোগের তীব্র প্রশংসা করেন। তারা কবরস্থানের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নায়েব আলী মেম্বার, নরসিংদী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাব্বি, সহ সভাপতি আল নাহিয়ান চৌধুরী মনির, নুর মোহাম্মদ ও বরকত উল্লাহসহ ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এই উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, কাজ শেষ হলে কবরস্থানটি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও দাফনের উপযুক্ত পরিবেশ ফিরে পাবে।
টিএইচএ/
