৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

by Fatih Work

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান আরও স্পষ্ট করেছে। দলটি জানিয়েছে, যেসব আসনে তাদের নির্বাচনী প্রতীক ‘হাতপাখা’ থাকবে না, সেসব এলাকায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে থেকে সৎ, যোগ্য ও জনসমর্থনসম্পন্ন প্রার্থীকে আলোচনার মাধ্যমে সমর্থন দেওয়া হবে।

রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আদর্শিক সমীকরণ বিবেচনায় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জনসমক্ষে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, বাকি ৩২টি আসনের ক্ষেত্রে ভিন্ন কৌশল নেওয়া হচ্ছে। এসব আসনে সরাসরি দলীয় প্রার্থী না দিয়ে, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে যিনি সৎ, যোগ্য এবং জনগণের প্রতি দায়বদ্ধ—তাকে সমর্থন দেওয়া হবে। তবে এই সমর্থন চূড়ান্ত হবে পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ২০ জানুয়ারির পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হবে। সে সময় হাতপাখা প্রতীকবিহীন ৩২টি আসনে ইসলামী আন্দোলনের অবস্থান ও সমর্থনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আপাতত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222