ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জাতিসংঘের একটি সংস্থার প্রতিবেদন অনুসারে বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে প্রায় দুজন মানুষের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই। ২০২৫ সালে দেশের ৩৮.৬ শতাংশ বা প্রায় ছয় কোটি ৭৮ লাখ মানুষ পুষ্টিকর খাদ্য কিনতে পারেননি। ‘স্বাস্থ্যকর খাদ্যতালিকা’ বলতে প্রতিদিন মাথাপিছু দুই হাজার ৩৩০ কিলোক্যালরি শক্তি সরবরাহ করতে সক্ষম এমন খাদ্যকে বোঝানো হয়েছে। এই বাস্তবতা বাংলাদেশ নামীয় রাষ্ট্রের সম্মিলিত ব্যর্থতার প্রতিফল। অতীতে যারাই রাষ্ট্র চালিয়েছে তাদের সবাইকে এর দায় নিতে হবে। সঠিক নীতি ও যোগ্য নেতার সমন্বয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রকে এই দুরহ পরিস্থিতি থেকে বের করে আনতে চায়। সকলের জন্য স্বাস্থ্যকর খাবার, নিরাপদ আবাসন, কার্যকর শিক্ষা ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে চায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিজ্ঞা করেন। ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যে ইসলাম এই জাতিকে বিগত হাজার বছর ধরে মুক্তির পথ দেখিয়েছে সেই ইসলামকে নতুন বন্দোবস্ত হিসেবে সামনে আনতে চেয়েছিলাম। ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে মানুষের প্রত্যাশা পূরণ হতো। জুলাই গণঅভ্যুত্থানে যে প্রত্যাশা নিয়ে ছাত্র-জনতা জীবনবাজি রেখেছিলো তা পূরণ হয় নাই। সংস্কার সাধিত হয় নাই। রাষ্ট্র আরো আগের ধারায় ও পদ্ধতিতে চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একাত্তর, জুলাইসহ মানুষের সকল আন্দোলন-সংগ্রামের প্রতি দায়বদ্ধ। ফলে আমাদের লড়াই অব্যাহত আছে। জাতির প্রত্যাশা পূরণে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সম্মেলনে প্রিন্সিপাল মাওলানা নুরুল করীমকে সভাপতি এবং মাওলানা একরামুল হক ভূইয়াকে সাধারণ সম্পাদক করে ২০২৭-২৮ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।
