সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। একইসঙ্গে তিনি জানান, ফল প্রকাশে যেন কোনো বিলম্ব না হয়, সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। শিক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছেছে এবং নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত চেষ্টায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রশ্নফাঁস রোধ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।
হাআমা/
