ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জন নিহত

by hsnalmahmud@gmail.com

ভারতের ওডিশা রাজ্যের পুরীতে ঐতিহাসিক রথযাত্রা উৎসবে পদদলিত হয়ে দুই নারীসহ তিনজন ভক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

দুর্ঘটনাটি ঘটে রবিবার (২৯ জুন) ভোরে পুরীর সারধা বালিতে। নিহতরা হলেন—বোলাগড়ের বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং বালিপাটনার প্রভাতী দাস।

বিজ্ঞাপন
banner

পুরী জেলার প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বাইন জানান, “আমরা তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। আহত ছয়জনের অবস্থাও এখন স্থিতিশীল।”

তবে নিহতদের স্বজন ও অনেক ভক্ত অভিযোগ করেছেন, দুর্ঘটনার সময় পর্যাপ্ত পুলিশ উপস্থিত ছিল না। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির কারণেই এ প্রাণহানির ঘটনা ঘটেছে। যদিও পুরীর পুলিশ সুপার বিনীত আগরওয়াল দাবি করেন, “রথযাত্রার সময় রথের চারপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।”

ওডিশার সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া বার্তায় লেখেন, “পুরীর সারধা বালিতে পদদলনের ঘটনায় নিহত তিন ভক্তের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

তিনি আরও বলেন, “ভয়াবহ এই দুর্ঘটনা প্রমাণ করে, ভক্তদের জন্য একটি শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।”

প্রতিবছর ওডিশার উপকূলীয় শহর পুরী রথযাত্রা উপলক্ষে লাখো ভক্তের পদচারণায় মুখরিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উৎসবটি ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্মরণে পালিত একটি শতাব্দীপ্রাচীন ধর্মীয় আনুষ্ঠানিকতা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222