জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে নিজের ছেলের ভবিষ্যৎ গড়ে। তারা অন্যের ছেলেকে চামচা বানায়, আর নিজের ছেলেকে নেতা বানায়।”
মঙ্গলবার (৮ জুলাই) মেহেরপুরে এক পদযাত্রা কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের আগের রাতে বস্তায় বস্তায় টাকা ঢুকে যায়—এসপি, ওসি, পোলিং এজেন্টদের কেনা হয়। টাকা দিয়ে আপনার ভোট কিনে, এরপর আপনাকে পাঁচ বছর দাস বানিয়ে রাখে। সেই টাকা দেওয়ার রাতে তারা সেবক থাকে না, হয়ে যায় আপনার মালিক।”
তিনি আরও বলেন, “আমাদের বিবেক কোনো ব্যক্তি বা মার্কার কাছে বন্ধক রাখা যাবে না। যারা বাংলাদেশকে ভালোবাসে এবং জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তারাই প্রকৃত নেতা হওয়া উচিত।”
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, “জনগণ পাশে থাকলে দিল্লি, লন্ডন বা আমেরিকায় পালিয়ে থাকতে হয় না। তখন এ দেশেই টিকে থাকা যায়। আমরা বিদেশি শক্তির ওপর নির্ভরশীল রাজনীতি চাই না।”
তিনি আরও জানান, এনসিপি কোনো ব্যবসায়ীর কাছে রাজনীতি বর্গা দেয়নি। “জনগণের অর্থেই জনগণের জন্য রাজনীতি হবে”—এই নীতিতেই তারা কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন—উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ এবং যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
হাআমা/
