আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফারসি ২০২৫-২৬ অর্থবছরে ১৪০টিরও বেশি গণমাধ্যমের লাইসেন্স দিয়েছে তালেবান সরকার।
স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, টেলিভিশন ও রেডিও স্টেশন, মুদ্রিত প্রকাশনা, সংবাদ সংস্থা, সংবাদ ওয়েবসাইট এবং অন্যান্য গণমাধ্যমের জন্য মোট ১৪১টি লাইসেন্স ইস্যু করেছে আফগান প্রশাসন।
তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব গোফরান বলেছেন, কর্তৃপক্ষ গণমাধ্যম খাতকে সমর্থন দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি আরও বলেন, নতুন আউটলেট প্রতিষ্ঠা এই সমর্থনেরই প্রতিফলন।
মে মাসের ৩ তারিখ বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বক্তৃতায় গোফরান আফগানিস্তানের গণমাধ্যম ও সাংবাদিকদের তাদের কার্যক্রম ধর্মীয় নীতি, ইসলামি আমিরাতের সম্প্রচার নীতি, জাতীয় স্বার্থ এবং ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা বজায় রেখে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ ঘটনা ঘটল রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) -এর কয়েক দিন আগে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের প্রেক্ষাপটে, যেখানে সংস্থাটি বিশ্ব প্রেস স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে আফগানিস্তানকে ১৭৫তম স্থানে রেখেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালে আফগানিস্তানে কোনো সাংবাদিক নিহত হননি, তবে চারজন সাংবাদিক আটক হয়েছেন।
জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট আটক আফগান সাংবাদিকদের মুক্তি দেওয়ার জন্য ইসলামি আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আফগানিস্তানের ভবিষ্যতের জন্য মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য।
হাআমা/
