আমিরুল ইসলাম লুকমান >>
গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ বন্ধে রাশিয়াকে সক্রিয় হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমান।
শুক্রবার (১১ জুলাই) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পাকিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলবার্ট খোরিয়েভের সঙ্গে তার বাসভবনে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
সূত্র মতে, দুই নেতার মধ্যে এই বৈঠকে আন্তর্জাতিক, আঞ্চলিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, গাজার মানবিক সংকট এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশা।
মাওলানা ফজলুর রহমান গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এটি মানবতা ও মুসলিম উম্মাহর জন্য এক চরম বেদনার বিষয়। রাশিয়াকে এই সংকট নিরসনে কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
জবাবে রাষ্ট্রদূত খোরিয়েভ রাশিয়ার পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য প্রয়োজনে কূটনৈতিক ভূমিকা রাখার আশ্বাস দেন। তিনি আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য মাওলানার প্রশংসাও গ্রহণ করেন।
এছাড়াও মাওলানা ফজলুর রহমান ‘এশিয়া-ইউরোপ নিরাপত্তা’ শীর্ষক রাশিয়ার উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, ‘এই ধরনের সম্মেলন পারস্পরিক বিরোধ নিষ্পত্তির জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে।’
বৈঠকে ইসরায়েলি উপনিবেশবিরোধী আন্দোলনে জমিয়তের ভূমিকার প্রশংসা করেন রুশ রাষ্ট্রদূত। উভয় পক্ষই এই আন্দোলনকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন।
বৈঠক শেষে মাওলানা ফজলুর রহমান রাশিয়ান রাষ্ট্রদূতের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। এ সময় জেইউআই নেতা অ্যাডভোকেট জালাল উদ্দিন, মাওলানা আসজাদ মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
এআইএল/
