৩৬নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া ছয় নবজাতকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন নিজ দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর পরিচালনা পর্ষদ এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসার ওপর। মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই ঘটনার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্ব অবহেলার অভিযোগে ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটোকল পুনর্মূল্যায়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সরকারের দিকনির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো এবং সার্বিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার জন্য দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে অবকাঠামোগত সংস্কারের বিষয়ে আরও জানানো হয়, হাসপাতালে আলো-বাতাস চলাচল স্বাভাবিক রাখা এবং অক্সিজেনের পর্যাপ্ত উপস্থিতি সুগম করতে তিনজন স্বাধীন কনসালটেন্টের (ইন্ডিপেনডেন্ট কনসালটেন্ট) নেতৃত্বে যাবতীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা গত ২৫ বছরেরও অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যু হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে শিশুদের মৃত্যুর ঘটনায় ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের দায়ে কেন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে প্রতিষ্ঠানটির প্রধান শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টিএইচএ/
