নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যৌথ বাহিনির অভিযান

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ ও গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন এবং উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে পুলিশ, র‍্যাব, আনসার ও প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী চরাঞ্চলে এক বড় ধরনের অভিযান শুরু করেছে।

মঙ্গলবার ভোরে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন এবং আলাল মুন্সির অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত অনিক দড়িগাঁ এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং তিনি স্থানীয় নাজিম উদ্দিনের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে নাজিম উদ্দিনের সঙ্গে আলাল মুন্সি ও জবা মেম্বারের বিরোধ চলে আসছিল। এই পূর্ব বিরোধের জেরে বেশ কিছুদিন ধরে এলাকার বাইরে পালিয়ে ছিলেন আলাল মুন্সি ও জবা মেম্বার। মঙ্গলবার ভোরে তারা আকস্মিকভাবে বেশ কয়েকটি স্পিডবোটে করে নদীপথে নিলক্ষা ইউনিয়নে প্রবেশ করেন। এরপর ভাড়াটে অস্ত্রধারীদের সঙ্গে নিয়ে আধুনিক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাজিম উদ্দিনের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালান। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং গুলিবর্ষণের ঘটনায় অনিকসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন।

সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর রায়পুরা উপজেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222