৩৬ নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।
জানা যায়, প্রধানমন্ত্রী বুধবার সকালে ঢাকা থেকে উড়োজাহাজে সিলেট পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে বেলা ১টায় তিনি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠান শেষে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তৃণমূল নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এনআর/
