ভারতকে ভেঙে একাধিক দেশ গঠনের আহ্বান জানিয়েছেন ইউরোপের দেশ অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিক গুনথার ফেলিঙ্গার। তিনি ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে ভারতকে ছোট ছোট রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেন এবং ‘এক্স ইন্ডিয়া’ নামে একটি মানচিত্র প্রকাশ করেন।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ কমিটির চেয়ারম্যান ফেলিঙ্গার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদি রাশিয়ার লোক। আমাদের মুক্ত খলিস্তানের বন্ধু চাই।”
তার প্রকাশিত মানচিত্রে পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানসহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোকে ‘খলিস্তান’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে আলাদা পতাকার রঙে পৃথক রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে।
ফেলিঙ্গার আরও জানান, তিনি সম্প্রতি শিখ নেতাদের সঙ্গে খলিস্তানের স্বাধীনতা বিষয়ে আলোচনা করেছেন। তার ভাষায়, “ভারতকে ‘সাবেক ভারত’ করতে হবে। রাশিয়াপন্থী স্বৈরশাসক মোদির কবল থেকে জনগণকে মুক্ত করতে হবে।”
অতীতেও ফেলিঙ্গার প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের সমর্থন জানিয়েছেন। যদিও তিনি অস্ট্রিয়া সরকারের কোনো প্রতিনিধি নন, তবু তার সাম্প্রতিক মন্তব্য অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করেছে।
সূত্র: ফিনান্সিয়াল টাইমস
