মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, গুগলের ওপর আরোপিত জরিমানা প্রত্যাহার না করা হলে ইউরোপকে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, ট্রাম্প জরিমানাটিকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে বলেন, গুগলের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি সতর্ক করে দেন, যদি জরিমানা প্রত্যাহার না করা হয়, তবে নতুন তদন্ত শুরু হবে এবং এর ফলে ইউরোপীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা আমাদের কোম্পানিগুলোর অসাধারণ ও অনন্য উদ্ভাবনকে ইউরোপীয় জরিমানার নিচে চাপা পড়তে দেব না। প্রয়োজনে সেকশন ৩০১ এর আওতায় ব্যবস্থা নেওয়া হবে, যাতে এসব অন্যায্য জরিমানা বাতিল করা যায়।’
ট্রাম্প অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়ন এ ধরনের পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ ও কর্মসংস্থান কেড়ে নিচ্ছে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি গুগলের ওপর সাড়ে ৩ বিলিয়ন ডলারের অ্যান্টি-ট্রাস্ট জরিমানা আরোপ করেছে।
সূত্র: জিও নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
