পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গিলগিত-বালতিস্তানের মুখ্যমন্ত্রী হাজী গুলবার খানসহ ১২ জন প্রাদেশিক পরিষদ সদস্যের প্রাথমিক সদস্যপদ বাতিল করেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, পিটিআইয়ের অতিরিক্ত সেক্রেটারি জেনারেল এক বিজ্ঞপ্তি জারি করে এই বহিষ্কারের ঘোষণা দেন। একই সঙ্গে দলের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বহিষ্কৃত সদস্যদের ছবিও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি লঙ্ঘন, ফরওয়ার্ড ব্লক গঠন এবং দলের বিপক্ষে ভোট দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী হাজী গুলবার খান, শামসুল হক লোন, রাজা আজম, আব্দুল হামিদ, আমজাদ জায়েদি, হাজী শাহ বেগ, সুরাইয়া জামান, রাজা নাসির মকপোন, মুশতাক আহমেদ, দিলশাদ বানু ও ফজল রহিম।
অন্যদিকে গিলগিত-বালতিস্তানের সাবেক গভর্নর রাজা জালাল হুসাইন মকপোনকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
এ ছাড়া বহিষ্কৃত সদস্যদের পিটিআইয়ের নাম, পতাকা ও দলীয় পদবি ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সূত্র: জিও নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
