সৌদি আরবে চালু হয়েছে নারীদের খেলাধুলা সম্প্রচারের জন্য বিশেষায়িত একটি টিভি চ্যানেল। এ চ্যানেলে নারী প্রিমিয়ার লীগ ফুটবলসহ বিভিন্ন নারী ক্রীড়া ইভেন্ট ২৪ ঘণ্টা সম্প্রচার করা হবে।
অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন) সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় ব্রডকাস্টার সৌদি স্পোর্টস কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে এই উদ্যোগ নিয়েছে। ‘এসএসজি এডব্লিউএসএন’ নামের চ্যানেলটির সম্প্রচার শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুরু হয়েছে।
ভিশন ২০৩০ এর অংশ হিসেবে সৌদি আরব নারীদের সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রে আরও স্বাধীনতা দিচ্ছে। গাড়ি চালানোর অনুমতির পর এবার নারীদের খেলাধুলাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার উদ্যোগ হিসেবে নতুন চ্যানেলটিকে দেখা হচ্ছে।
নারী প্রিমিয়ার লীগ শুরুর সময়েই নতুন চ্যানেলটির যাত্রা হলো। এর মাধ্যমে সৌদি ও আন্তর্জাতিক দর্শকরা সৌদি নারী লীগ, উয়েফা ম্যাচ এবং অন্যান্য নারী ক্রীড়া সরাসরি দেখতে পারবেন।
এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেন, “সৌদির নারীদের খেলাধুলাকে বিশ্বমঞ্চে নিয়ে আসার মাধ্যমে আমরা শুধু প্রচলিত বাধাগুলোই ভাঙছি না, একইসঙ্গে আন্তর্জাতিক মানের বিভিন্ন লীগ ও প্রতিভাকে বিশ্বে প্রথমবারের মতো উপস্থাপন করছি।” সূত্র: রয়টার্স
হাআমা/
