ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি দখলকৃত এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র ইউনিট ‘প্যালেস্টাইন-২’ নামের একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় নিক্ষেপ করে। হামলাটি সফল হয়েছে বলে দাবি করা হয় এবং এতে আতঙ্কে বহু বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
তিনি আরও জানান, ড্রোন ইউনিটের মাধ্যমে দুটি অতিরিক্ত আক্রমণ চালানো হয়। এর মধ্যে একটি আক্রমণে দুইটি ড্রোন ব্যবহার করে এলাত (উম্ম আল-রাশরাশ) সংলগ্ন রামন বিমানবন্দরে হামলা করা হয়। অপর একটি ড্রোন নেগেভ অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
ইয়াহিয়া সারি বলেন, এসব হামলা গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইয়েমেনের ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণের জবাবে পরিচালিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা ইয়েমেনের রয়েছে।”
এর আগে আনসারুল্লাহ আন্দোলনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, “ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযান ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডে শাসকগোষ্ঠী ও চরমপন্থী বসতি স্থাপনকারীদের আর কোনো স্থানকেই নিরাপদ রাখবে না।”
হাআমা/
