নেপালে গণআন্দোলনের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে একটি ম্যাচ বাতিল হওয়ার পর পুরো দলকে দীর্ঘ সময় হোটেলবন্দী থাকতে হয়েছিল। আতঙ্ক, অনিশ্চয়তা আর চারপাশের পরিস্থিতি যেন বন্দি জীবনে পরিণত করেছিল তাদের অবস্থানকে।
জামাল ভূঁইয়া জানান, হোটেলের কক্ষ থেকে পাশের ভবনে আন্দোলনের দৃশ্য চোখে পড়ত। মুহূর্তগুলো ছিল দুঃসহ ও শঙ্কায় ভরা। তবুও, অদ্ভুতভাবে আন্দোলনে অংশ নেয়ার আগ্রহ জেগেছিল তার ভেতরে।
তার ভাষায়—সত্যিই আমি আন্দোলনে ওদের সঙ্গে যেতে চেয়েছিলাম। কারণ, হোটেলে থাকলে আমি নিরাপত্তাহীন থাকব, কিন্তু ওদের সঙ্গে গেলে নিরাপত্তাহীনতায় ভুগব না।
বাংলাদেশ অধিনায়কের মতে, একদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে খেলোয়াড়দের জন্য নিরাপত্তাজনিত অনিশ্চয়তা—সব মিলিয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে এবং পুরো দলকে।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক ফুটবলের মাঠে যেভাবে লড়াই করেন জামাল ভূঁইয়া, রাজনৈতিক অস্থিরতার মাঝেও তার সেই দৃঢ় মানসিকতার প্রতিফলন ঘটেছে। তবে মাঠের খেলোয়াড়ের আন্দোলনে ঝুঁকে পড়ার এই অভিজ্ঞতা ফুটবল ক্যারিয়ারে এক অনন্য দুঃসহ স্মৃতি হিসেবেই থেকে যাবে।
এনআর/
