ওয়ানডে ক্রিকেটে বল হাতে গতির ঝড় তুলে পাকিস্তানকে একাই ধসিয়ে দিলেন বাংলাদেশি পেসার নাহিদ রানা।
মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত ম্যাচে নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিং এবং মোস্তাফিজ-মিরাজদের দারুণ প্রদর্শনীতে মাত্র ১১৪ রানেই অলআউট হয়েছে পাকিস্তান। এদিন গতির তারকা নাহিদ রানা ৭ ওভার বল করে মাত্র ২৪ রান খরচায় তুলে নিয়েছেন ৫টি উইকেট। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। তার বিধ্বংসী স্পেলে একে একে সাজঘরে ফেরেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান, সাদাকাত, শামিল হোসেন, রিজওয়ান এবং আগা সালমান।
ম্যাচের শুরুতে অবশ্য টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের সূচনাটা মন্দ ছিল না। উদ্বোধনী জুটিতে ফারহান ও সাদাকাত ৪১ রান যোগ করে বড় সংগ্রহের আভাস দিচ্ছিলেন। তবে বোলিংয়ে এসেই ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন নাহিদ রানা। তার গতির কাছে পরাস্ত হয়ে খেই হারিয়ে ফেলে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। রানার তাণ্ডবের পর মাঝ ওভারে স্পিন ভেলকি দেখান মেহেদী হাসান মিরাজ। তিনি গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করে পাকিস্তানকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। মিরাজের শিকার হন হুসেইন তালাত, আব্দুল সামাদ ও শাহিন শাহ আফ্রিদি। শেষ দিকে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসের যবনিকা টানেন।
১১৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে এখন মাঠে নামবে বাংলাদেশ।
টিএইচএ/
