বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে বড় ঘোষণা দিলেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে তিন মাস সময় বেঁধে দেওয়া হলেও অতিরিক্ত সময় নিতে রাজি নন তিনি। পরিকল্পনা অনুযায়ী আগামী জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় বর্তমান অ্যাডহক কমিটি।
আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল এই ইচ্ছার কথা জানান।
গত ৭ এপ্রিল বিসিবির সর্বশেষ কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। নিয়ম অনুযায়ী, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত তাদের হাতে সময় থাকলেও তামিমরা এক মাস আগেই বিসিবির নতুন নেতৃত্ব নির্ধারণ করতে চান। আজ প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও এর আগেই আমরা তা সেরে ফেলতে চাই। আমাদের প্রথম লক্ষ্য জুনের প্রথম সপ্তাহে নির্বাচন করা, সেটি কোনো কারণে সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহে নিশ্চিতভাবেই এটি সম্পন্ন হবে।’
নির্বাচন ছাড়াও ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও স্টেডিয়ামের পরিবেশ নিয়ে নানা পরিকল্পনার কথা জানান তামিম। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে মাঠে ‘বল বয়’ রাখার নিয়মটি আবারও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীর্ঘদিন বন্ধ থাকা এই প্রথাটি চালুর বিষয়ে নিজের স্মৃতি রোমন্থন করে তামিম বলেন, ‘আমার মনে আছে ২০০৪ সালে যখন এমসিসি ও ভারত বাংলাদেশ সফরে এসেছিল, তখন আমি নিজেও বল বয় ছিলাম। এটি ক্ষুদে ক্রিকেটারদের জন্য দারুণ অভিজ্ঞতার ব্যাপার। আমি জানি না কেন এটি বন্ধ হয়েছে, তবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেই আমরা বল বয় রাখার নিয়মটি আবার চালু করছি।’
টিএইচএ/
